দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা একমাত্র পাইলট দুর্ঘটনার আগে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
মিশিগান অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি। পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশ নিয়ন্ত্রণকেন্দ্রে থাকা আরেক সামরিক পাইলট সম্ভাব্য বিপদের কথা জানান। সরাসরি যোগাযোগের ধারণকৃত শব্দে তাকে বলতে শোনা যায়, সহকারী পাইলট সম্ভবত বিপদের সংকেত দিয়েছেন এবং তিনি মনে করছেন বিমানটি কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।
দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে ট্রাভার্স সিটির দক্ষিণের গ্রামীণ এলাকায় কয়েকটি বাড়ির পাশের একটি মাঠে আগুনের গোলা ও আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
আকাশ নিয়ন্ত্রণকেন্দ্র থেকে অন্য পাইলটদের উদ্দেশে জানানো হয়, যুদ্ধবিমানটির ইঞ্জিন নষ্ট হয়ে থাকতে পারে এবং পাইলট বের হয়ে গেছেন। বিধ্বস্ত এফ-১৬ থেকে প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছে বলেও জানানো হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
বিমান বিধ্বস্ত হওয়ার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে বেশির ভাগ বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
দুর্ঘটনার সময় শেলি ডর্নবস ও তার স্বামী কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। তারা আগুনের গোলা দেখতে পান। শেলি জানান, আগুনের দিক থেকে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল। পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানতে পারেন, সেটি একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার শব্দ এবং বিস্ফোরণগুলো ছিল বিমানে থাকা গোলাবারুদের।
এফ-১৬ যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার আগে পাখির সঙ্গে ধাক্কার সম্ভাবনার কথা অন্য পাইলট উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর হাজার হাজার বিমান পাখি ও অন্যান্য প্রাণীর সঙ্গে ধাক্কা খায় বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বন্যপ্রাণী আঘাতসংক্রান্ত তথ্যভান্ডারে উল্লেখ করা হয়েছে।
শুধু মিশিগানের ট্রাভার্স সিটি এলাকাতেই ২০২৫ সালে ৪১টি পাখির সঙ্গে বিমান ধাক্কার ঘটনা নথিভুক্ত হয়েছিল।
বেসামরিক বিমান দুর্ঘটনার তদন্ত করে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। তবে সামরিক বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ।
/অ